সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। সোমবার (০৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন এবং এ বিষয়ে একটি রুল জারি করেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকা রিভাকে ওই বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতে রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রিভার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আজ এই আদেশ দেন। জুলাই বিপ্লবের সময় ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
মামলার নথিপত্র অনুযায়ী, আত্মগোপনে থাকা অবস্থায় নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। তবে উচ্চ আদালত আজ তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির এক সময়ের প্রভাবশালী এই নেত্রীর গ্রেপ্তার ও পরবর্তী জামিনের বিষয়টি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।