ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের টানা তিন মেয়াদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

অভিজাত ওই এলাকায় রাতের অন্ধকারে পরিচালিত এই ঝটিকা অভিযানের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ঠিক কোন মামলার অধীনে বা কী কারণে এই প্রভাবশালী নেত্রীকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবি পুলিশ এখনো মুখ খোলেনি।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কেবল জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

২০১৩ সাল থেকে একাধারে স্পিকারের দায়িত্ব পালন করে আসা শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেছিলেন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য দীর্ঘ সময় সংসদীয় রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল। অবশেষে ধানমন্ডির বাসা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে সেই ধোঁয়াশার অবসান ঘটল। তার আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, তা নিয়ে এখন সবার নজর মিন্টো রোডের দিকে।