রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি থেকে সরকার সরে দাঁড়ালে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামার চরম বার্তা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
‘ভয়েস অব রিফর্ম’ আয়োজিত ওই সংলাপে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট জানান, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনআকাঙ্ক্ষা বিরোধী পথে হাঁটে, তবে ছাত্র-জনতা নতুন বিপ্লবের প্রস্তুতি শুরু করবে। বিচার বিভাগের স্বাধীনতায় কোনো ধরনের আপস করা হবে না।
সংলাপে গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ স্থগিত এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট তিনটি অধ্যাদেশ বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বিশিষ্টজনেরা। তারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েও তা থেকে বিচ্যুত হচ্ছে।
আলোচনায় অংশ নেওয়া মানবাধিকারকর্মী ও রাজনীতিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো অবশিষ্টাংশ সহ্য করা হবে না। বিচার বিভাগের প্রশাসনিক ও আইনি স্বাধীনতা নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় সভা থেকে।
বক্তারা জোর দিয়ে বলেন, ২০২৪-এর বিপ্লবীরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য লড়াই করেনি, বরং একটি জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যেই জীবন উৎসর্গ করেছে। সেই লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটলে সরকারকেই তার দায়ভার নিতে হবে।