ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি, আধিপত্য রাজনৈতিক উত্তরাধিকারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অচলাবস্থা কাটাতে অবশেষে ১১ সদস্যের একটি শক্তিশালী এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের কাজ সম্পন্ন করবে।

তবে কমিটির সদস্য তালিকায় পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক সংযোগের বিষয়টিই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান সরকারের প্রভাবশালী তিন মন্ত্রীর সন্তান এবং এক প্রতিমন্ত্রীর স্ত্রীকে এই অন্তর্বর্তীকালীন বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ছেলে ইসরাফিল খসরু, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সৈয়দ ইব্রাহীম আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রীর ছেলে মির্জা ইয়াসির আব্বাস। এছাড়া ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমামের অন্তর্ভুক্তি ক্রিকেটপাড়ায় কৌতূহল সৃষ্টি করেছে।

রাজনৈতিক উত্তরাধিকারদের পাশাপাশি ক্রিকেটীয় অভিজ্ঞতাকে প্রধান্য দিয়ে রাখা হয়েছে মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খানের মতো সাবেক ক্রিকেটারদের। করপোরেট অঙ্গন থেকে রয়েছেন মির্জা সালমান ইস্পাহানি এবং ক্লাব ক্রিকেটের প্রতিনিধি হিসেবে তানজিল চৌধুরী।

এনএসসি সচিব জানিয়েছেন, বিসিবির প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং আইসিসির গাইডলাইন মেনে দ্রুত নির্বাচন আয়োজন করাই এই কমিটির মূল লক্ষ্য। তামিম ইকবালের মতো একজন আইকনিক ক্রিকেটারের প্রশাসনিক অভিষেক দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।