নীলফামারী সদর উপজেলায় সম্পত্তির মালিকানা পেতে ব্যর্থ হয়ে নিজের জন্মদাত্রী মায়ের বসতভিটায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টুপামারি ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর আলম (৪০) ওই এলাকার জয়নাল হোসেন ও নুরজাহান দম্পতির সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, নুর আলম দীর্ঘদিন ধরে ডিজিটাল জুয়ার নেশায় বুঁদ হয়ে আছেন। জুয়ার টাকা জোগাড় করতে তিনি বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই ইতিপূর্বে বিক্রি করেছেন। সম্প্রতি তিনি তার মা ও বোনের নামের জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছিলেন।
ভুক্তভোগী মা নুরজাহান বেগম আর্তনাদ করে জানান, মঙ্গলবার সকালেও জমি লিখে দেওয়ার জন্য নুর আলম তাকে শাসিয়েছিল। দাবি পূরণ না হওয়ায় বিকেলে ক্ষুব্ধ হয়ে সে ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ঘরসহ আসবাবপত্র ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাউদস আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশের একটি দল কাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন জুয়ার ভয়াবহতা কীভাবে একটি পরিবারকে পথে বসিয়ে দিতে পারে, এই ঘটনা তারই এক করুণ দৃষ্টান্ত হয়ে থাকল।