জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে বিরোধীদলীয় জোটে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সদস্যসংখ্যার ভিত্তিতে একটি আসন পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তারা দুটি আসন পেতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জোটের অভ্যন্তরে গত সোমবার (০৬ এপ্রিল) এক গুরুত্বপূর্ণ বৈঠকে এনসিপিকে অতিরিক্ত একটি আসন দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জামায়াত নেতারা এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সক্রিয় ভূমিকা এবং জোটগত ঐক্য বজায় রাখতেই এই নমনীয়তা দেখানো হচ্ছে।
প্রার্থী তালিকায় শীর্ষে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি গত জাতীয় নির্বাচনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় আসনটি নিশ্চিত হলে সেখানে যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুকে মনোনয়ন দেওয়া হতে পারে। ঝালকাঠি-১ আসনে ত্যাগের পুরস্কার হিসেবে মিতুর নামটিও দলের ভেতর বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, “প্রাথমিক আলোচনায় জোটের পক্ষ থেকে আমাদের দুজন প্রতিনিধি পাঠানোর বিষয়ে কথা হয়েছে। দলের আনুষ্ঠানিক বৈঠকেই চূড়ান্ত নাম ঘোষণা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম।”
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়েরও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আনুপাতিক হারের বাইরেও এনসিপিকে অতিরিক্ত মূল্যায়ন করার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। এছাড়াও সামান্তা শারমিন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং নুসরাত তাবাসসুমের মতো তরুণ নেত্রীরাও সম্ভাব্য তালিকায় রয়েছেন।