মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুদ্ধবিরতির স্বস্তির মাঝে এবার বড় ধরনের অর্থনৈতিক লাভের অঙ্ক কষছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের নৌপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে প্রায় ৬৪ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের টার্গেট নিয়েছে দেশটি। বুধবার (০৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি পরিকল্পনায় হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরান ও ওমান উভয়েরই ‘টোল’ বা মাশুল আরোপের সুযোগ রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রক্রিয়াকে সমর্থন করে একে মধ্যপ্রাচ্যের জন্য এক ‘স্বর্ণযুগ’ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে এবং সংঘাতময় অঞ্চলের অর্থনীতি পুনর্গঠনে এই পদক্ষেপ বড় ভূমিকা রাখবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসার অনড় অবস্থানের মাঝেই ইরানের এই বিশাল আয়ের সুযোগ মূলত ট্রাম্প প্রশাসনের সাথে একটি অলিখিত সমঝোতার অংশ। অ্যাসোসিয়েটেড প্রেস এবং সিএনএন-এর তথ্য অনুযায়ী, যদিও হরমুজ দিয়ে চলাচল এখনো কিছুটা সীমিত, তবে টোল আদায়ের এই নতুন নিয়ম কার্যকর হলে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব অনেকটাই কেটে যাবে।
এদিকে, এই শান্তি প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে আগামী ৯ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ঐতিহাসিক সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের পর এটিই হবে দুই দেশের শীর্ষ পর্যায়ে প্রথম মুখোমুখি আলোচনা। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দিনটিকে ‘বিশ্ব শান্তির জন্য বড় দিন’ বলে উল্লেখ করেছেন।