আসন্ন শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই বিভিন্ন পদে মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মজিবুর রহমান (বাসস), আবুল হোসেন সরদার (আরটিভি) ও আব্দুল আজিজ শিশির (এনটিভি)। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব (দৈনিক হুংকার) ও শেখ খলিলুর রহমান (দৈনিক মানবজমিন)। এছাড়াও অন্যান্য পদে মিলিয়ে মোট ২৮ জন প্রার্থী প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে দিনভর প্রার্থীদের উপস্থিতিতে জমজমাট পরিবেশ বিরাজ করে।
নির্বাচন কমিশনার শাহিন মিয়া বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আগামীকাল দ্বিতীয় ও শেষ দিনের মতো এ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রেসক্লাবের সদস্যরা আশা করছেন, শরীয়তপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।