নয়াদিল্লিতে ভারতীয় শীর্ষ নেতৃত্বের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন রূপরেখা তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জ্বালানিমন্ত্রী হরদীপ সিং পুরির সাথে পৃথক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার পারস্পরিক আস্থা ও রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে।
আলোচনার কেন্দ্রে ছিল ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণ ও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়টি।
বৈঠকে হাদি হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য দিল্লিকে ধন্যবাদ জানানো হয়। বিদ্যমান চুক্তি অনুযায়ী তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। একইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের দাবি আবারও জোরালোভাবে তুলে ধরে ঢাকা।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী বিশেষ অনুরোধ জানান। নয়াদিল্লি এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার আশ্বাস দিয়েছে।
সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার অঙ্গীকার করেছে ভারত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই সফরে উপস্থিত ছিলেন।
উভয় দেশ ভবিষ্যতে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুতে নিয়মিত আলোচনার মাধ্যমে সংকট নিরসনে সন্মতি প্রকাশ করেছে।