ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের স্বার্থে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য শুক্রবার (১০ এপ্রিল) সাভার ও আশুলিয়ার বড় একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এসব এলাকায় কোনো গ্যাস পাওয়া যাবে না।
মেরামত চলাকালে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশ, ঢাকা ইপিজেড, সাভার ক্যান্টনমেন্ট, সাভার টাউন, উলাইল, ব্যাংক টাউন ও রেডিও কলোনি এলাকায় সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। এছাড়া কাশিমপুর, সারদাগঞ্জ, জিরানি, চন্দ্রা, নবীনগর, নয়ারহাট, বলিভদ্রপুর ও ডিইপিজেড সংলগ্ন সব শিল্প ও আবাসিক গ্রাহক এই সাময়িক ভোগান্তির আওতায় পড়বেন।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও মালঞ্চ পাওয়ার প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও এই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আশুলিয়া, কাঠগড়া, জিরাবো, গাজীরচট ও কাঠগড়াসহ তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের জন্য এই আদেশ কার্যকর হবে। উন্নয়নমূলক কাজের জন্য সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।