বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ব্যবহারে নতুন নিয়ম জারি করেছে ইরান। এখন থেকে এই জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেলবাহী জাহাজকে ব্যারেল প্রতি এক ডলার হারে মাশুল গুনতে হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন এই টোল ব্যবস্থা কার্যকর থাকবে। তবে এই লেনদেনে মার্কিন ডলারের কোনো স্থান নেই; জাহাজগুলোকে ফি পরিশোধ করতে হবে চীনা মুদ্রা ইউয়ান অথবা বিটকয়েনের মাধ্যমে।
ইরানি প্রতিনিধিদের মতে, খালি জাহাজের জন্য কোনো ফি লাগবে না। তবে বড় সুপার ট্যাংকারগুলোর ক্ষেত্রে এই মাশুল কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। প্রতি লিটার তেলের ওপর এই খরচের প্রভাব পড়বে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ পয়সার মতো।
প্রণালি পার হওয়ার জন্য জাহাজগুলোকে আগেভাগেই ইমেইলের মাধ্যমে বিস্তারিত তথ্য ও আগাম নোটিশ পাঠাতে হবে। অনুমোদনের পর নির্ধারিত রুট—বিশেষ করে কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকা দিয়ে চলাচল বাধ্যতামূলক করা হয়েছে।
নিষেধাজ্ঞা এড়াতে এবং পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমাতে ইরান এই বিকল্প মুদ্রার পথ বেছে নিয়েছে। ইতিমধ্যেই ইউয়ানে টোল আদায় শুরু হওয়ায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।