ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের বড় দরপতনের পর বাজারে স্থিতিশীলতা

দেশের বাজারে স্বর্ণের বড় ধরনের দরপতনের পর দ্বিতীয় দিনের মতো স্থিতিশীল রয়েছে মূল্যবান এই ধাতুর দাম। শুক্রবার (১০ এপ্রিল) বাজুস নির্ধারিত সর্বশেষ হার অনুযায়ী বিক্রি হচ্ছে সব ধরনের স্বর্ণ।

গত বৃহস্পতিবার সকালে ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা নির্ধারিত রয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।

তবে ক্রেতাকে এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্দেশিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে চূড়ান্ত মূল্য পরিশোধ করতে হবে। অলংকারের নকশাভেদে মজুরির পরিমাণে ভিন্নতা আসতে পারে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ঘরোয়া বাজারে মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হলেও ২৩ দফায় কমানো হয়েছে দর।