পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে রানের ব্যবধানে বৃহত্তম জয়ের নতুন রেকর্ড গড়েছে বাবর আজমের পেশোয়ার জালমি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়ে দলটি। করাচির ঘরের মাঠে এই তাণ্ডবে মূল কারিগর ছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।
দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই গতির ঝড়ে প্রতিপক্ষকে দিশাহারা করে দেন এই বাংলাদেশি পেসার। ৪ ওভার বোলিং করে একটি মেডেনসহ মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট তুলে নেন রানা। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় ডেভিড ওয়ার্নারের করাচি কিংস।
এর আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের বিধ্বংসী সেঞ্চুরি ও বাবর আজমের ৮৭ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ পায় পেশোয়ার। মেন্ডিস মাত্র ৪৮ বলে শতক পূর্ণ করেন। শেষ দিকে আব্দুল সামাদ ১২ বলে ৪০ রানের ক্যামিও খেললে করাচির বোলাররা ম্যাচ থেকে ছিটকে পড়েন।
বল হাতে নাহিদ রানার পাশাপাশি সফল ছিলেন আরেক বাংলাদেশি শরিফুল ইসলাম। ৩ ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নেন তিনি। এছাড়া ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম সমান ৩টি করে উইকেট ভাগ করে নিলে করাচির ব্যাটিং লাইনে ধস নামে।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেশোয়ার। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল হিসেবে বাবর আজমের বাহিনী তাদের আধিপত্য বজায় রাখল।