শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জমজমাট পরিবেশ বিরাজ করেছে। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট।
মনোনয়নপত্র বিক্রির শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের বিপরীতে ৫১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনটির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত প্রার্থীদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন মজিবুর রহমান, আবুল হোসেন সরদার, আবুল বাশার ও আব্দুল আজিজ শিশির। সহ-সভাপতি পদে আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, শেখ খলিলুর রহমান এবং শহিদুল ইসলাম পাইলট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামান পারভেজ, রবিন, বোরহান উদ্দিন রব্বানীসহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন।
প্রেসক্লাবের সদস্যরা আশা করছেন, প্রতিষ্ঠার পর প্রথম এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।