ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ‘মরদেহ উদ্ধারের’ ফোন স্বামীর

গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী গৃহবধূকে হত্যার পর তার নিথর দেহ উদ্ধারের জন্য প্রতিবেশীকে ফোন করে পালিয়েছেন ঘাতক স্বামী। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জংলাপাড়া গ্রামে একটি তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার (১৬) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ঝর্ণা স্থানীয় হামিদুল ইসলামের মেয়ে। পারিবারিক অমতে দুই বছর আগে অপু নামে এক মিনিবাস চালককে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর থেকেই তারা পরিবারের সঙ্গে সম্পর্কহীন অবস্থায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

বাড়ির মালিক ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ঝর্ণার স্বামী অপু তাদের পূর্বের প্রতিবেশী তানিয়াকে ফোন করে জানান যে ঝর্ণা মারা গেছে এবং তার মরদেহ যেন উদ্ধার করা হয়। তানিয়া দ্রুত এসে বাড়ির মালিককে বিষয়টি জানালে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে ঝর্ণার মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা হামিদুল ইসলাম বলেন, “পরিবারের অমতে বিয়ে করায় ঝর্ণার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। কিন্তু এভাবে ওর জীবন শেষ হয়ে যাবে তা ভাবিনি।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, নিথর দেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।