ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে সাহিত্য উৎসব, মোড়ক উন্মোচনে উৎসবমুখর পরিবেশ

শরীয়তপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনা উৎসব, বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর। স্থানীয় সাহিত্য ছোটকাগজ ‘কীর্তিনাশার কাব্য’–এর আয়োজনে এ অনুষ্ঠান সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় শরীয়তপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীর্তিনাশার কাব্য’র প্রধান সম্পাদক, কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মজিবুর রহমান মাতুব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ, কবি ও প্রাবন্ধিক প্রফেসর মো. ফজলুল হক।
অনুষ্ঠানে ‘কীর্তিনাশার কাব্য’–এর বর্ষা, শরৎ ও হেমন্ত সংখ্যার প্রকাশনা উৎসব উদযাপন করা হয়। পাশাপাশি মোড়ক উন্মোচন করা হয় সম্পাদক কবি খান মেহেদী মিজানের উপন্যাস ‘ভালোবেসে অবশেষে’ এবং নির্বাহী সম্পাদক কবি ইয়াসিন আযীমের গল্পগ্রন্থ ‘অন্ধগলির স্কেচ’।
আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি অ্যাডভোকেট মির্জা হজরত সাইজী। বিশেষ আলোচক ছিলেন কবি অ্যাডভোকেট আবুল কালাম (গেরিলা) আজাদ। এছাড়া অধ্যাপিকা রিনা রানী দাস, কবি-প্রাবন্ধিক মিলন সব্যসাচী, ড. মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিরা সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত কবিতা পাঠ। এতে প্রবীণ ও তরুণ কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি গান ও আবৃত্তির পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। শিশু আবৃত্তিশিল্পীর অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সাহিত্যপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি খান মেহেদী মিজান ও কবি ইয়াসিন আযীম।