ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমূজ অবরোধের ঘোষণায় তেলের বাজারে আগুন: ব্যারেলপ্রতি দর ছাড়াল ১০০ ডলার

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তেলের দাম ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নৌ-অবরোধ’ সংক্রান্ত ঘোষণার পরপরই বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ বেড়ে ১০২.২৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) তেলের দাম ৮ শতাংশ লাফিয়ে ১০৪.২৪ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলারের ঘরে। পাকিস্তানের বৈঠকে সমঝোতার আশায় গত কয়েক দিন দাম কিছুটা কমলেও আলোচনা ভেস্তে যাওয়ায় বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে হরমূজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর মার্কিন নৌবাহিনীর নজরদারি ও অবরোধের হুমকিতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিনিয়োগকারীরা এখন আশঙ্কা করছেন, যদি ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে প্রণালিটি পুরোপুরি বন্ধ করে দেয়, তবে তেলের দাম যেকোনো সময় গত কয়েক বছরের রেকর্ড ভেঙে ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।