ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় জ্বরের ওষুধ খাওয়াতে গিয়ে শ্বাসনালীতে ট্যাবলেট আটকে বায়েজিদ নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার মৌকুড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত বায়েজিদ ওই গ্রামের শ্রমজীবী মহব্বত আলীর সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত শিশুটিকে রাতে অর্ধেক নাপা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করেন তার মা। এসময় অসাবধানতাবশত ট্যাবলেটটি বায়েজিদের গলায় আটকে যায়। মুহূর্তেই তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এহতেশাম শহীদ জানান, শ্বাসনালীতে কোনো বস্তু আটকে গেলে ৫ মিনিটের বেশি বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। সচেতনতার অভাবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে। শিশুদের ক্ষেত্রে বড়দের ট্যাবলেট না খাইয়ে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল বা সিরাপ জাতীয় ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। শোকাতুর মৌকুড়ী গ্রামে বর্তমানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।