মাদারীপুরের ডাসার উপজেলায় মাঝরাতে এক কলেজপড়ুয়া তরুণের রহস্যময় কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বাড়ির পাশের একটি উঁচু নারিকেল গাছের মগডালে ওই তরুণকে শুয়ে থাকতে দেখে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
উদ্ধার হওয়া ফারহান তালুকদার (১৮) উপজেলার কাজী বাকাই ইউনিয়নের সাইদুল তালুকদারের ছেলে।
পরিবার জানায়, গভীর রাতে বিছানায় ফারহানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে গাছের চূড়ায় তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরা। নিচে নামার অনুরোধ করলে ওই তরুণ অসংলগ্ন আচরণ শুরু করেন এবং উপর থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন।
খবর পেয়ে ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারীরা জানান, ফারহান অত্যন্ত উত্তেজিত অবস্থায় ছিলেন। স্থানীয়রা আজান দেওয়া শুরু করলে তিনি কিছুটা শান্ত হন, সেই সুযোগে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ফারহানের পরিবারের দাবি, স্বাভাবিক অবস্থায় তিনি কখনও গাছে উঠতে পারেন না। এত উঁচুতে তার অবস্থানের পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। বর্তমানে তাকে পারিবারিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাটি রহস্যজনক। ওই তরুণের এমন আচরণের পেছনে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।