ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: নববর্ষের শুরুতেই মিলছে ‘কৃষক কার্ড’

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বাণীতে পহেলা বৈশাখকে বাঙালির আত্মপরিচয়ের অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি নতুন বছরে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে পুরোনো বছরের জীর্ণতা মুছে নতুন উদ্যমে দেশ গঠনের আহ্বান জানান।

এবারের নববর্ষে সরকারের বিশেষ উপহার হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার সরাসরি কৃষকদের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন গণতান্ত্রিক সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে। কৃষিভিত্তিক এই জনপদে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কৃষকের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।

বাণীতে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে চলমান অস্থিরতা কাটিয়ে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি চর্চার ওপর জোর দেন। একইসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক উদারতা ও সহনশীলতার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানান তিনি।