জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়ানো বিশেষজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি ও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির দাবি, অভিজ্ঞ ও সাহসী চিকিৎসকদের প্রশাসনিক হয়রানির মাধ্যমে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয় মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের স্পাইন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকনের কথা। তাদের সম্প্রতি ওএসডি ও বদলি করা হয়েছে। এনডিএফ মনে করে, আন্দোলনের সংকটময় সময়ে মানবিক দায়িত্ব পালন করা এই চিকিৎসকদের বিরুদ্ধে এমন পদক্ষেপ সরাসরি ‘প্রতিহিংসামূলক আচরণ’।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশেষায়িত চিকিৎসার সাথে জড়িত সিনিয়র চিকিৎসকদের এভাবে সরিয়ে দেওয়ার ফলে হাসপাতালের সেবা ও মেডিকেল শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে। দলীয়করণের এই প্রবণতা চিকিৎসা খাতের নিরপেক্ষতা নষ্ট করছে এবং সাধারণ রোগীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে।
এনডিএফ-এর ৪ দফা দাবি:
১. অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকন ও অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানসহ সব চিকিৎসকের বদলি ও ওএসডি আদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
২. চিকিৎসকদের পদায়ন ও বদলির ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩. স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্লজ্জ দলীয়করণ বন্ধ করতে হবে।
৪. চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই হয়রানিমূলক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে এনডিএফ নেতারা বলেন, অন্যথায় দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।