ইউরোপের অধিকাংশ দেশ যখন অভিবাসন ঠেকাতে সীমান্ত কড়াকড়ি ও দেয়াল তোলায় ব্যস্ত, তখন ঠিক উল্টো পথে হাঁটল স্পেন। এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দেশটিতে বসবাসরত প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে পেদ্রো সানচেজ সরকার। এই ঘোষণার পর মঙ্গলবার (১৪ এপ্রিল) বার্সেলোনার রাস্তায় নেমে আনন্দ-উল্লাস করেছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্পেন সরকারের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। আগামী ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত এই বৈধতার আবেদন গ্রহণ করা হবে।
বৈধতা পাওয়ার শর্তাবলি:
– আবেদনকারীকে অন্তত ৫ মাস স্পেনে বসবাসের প্রমাণ দেখাতে হবে।
– থাকতে হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত রেকর্ড।
আবেদন অনুমোদিত হলে অভিবাসীরা সরাসরি কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পদক্ষেপকে ‘ন্যায়ের পথে এক ধাপ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, স্পেনের বর্তমান শ্রমঘাটতি পূরণ এবং বার্ধক্যজনিত জনতাত্ত্বিক সংকট মোকাবিলায় এই অভিবাসীদের মূলধারায় আনা জরুরি।
তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির বিরোধী দল পিপলস পার্টি। তারা বলছে, এতে অবৈধ অভিবাসন আরও উৎসাহিত হবে। অন্যদিকে, ক্যাথলিক চার্চসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বার্সেলোনার রাজপথে বাংলাদেশিদের স্লোগানে মুখরিত হওয়ার ভিডিও এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।