চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদ মানেই যেন বার্সেলোনার জন্য এক দুঃস্বপ্নের নাম। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে ২-১ গোলে জয় পেয়েও আসর থেকে বিদায় নিতে হয়েছে হ্যান্সি ফ্লিকের দলকে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ২০১৭ সালের পর আবারও সেমিফাইনালে পা রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠে প্রথমার্ধেই বার্সেলোনাকে কাঁপিয়ে দিয়েছিল ইয়ামাল ও তোরেসের গোল। ২৪ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফিরেছিল কাতালান জায়ান্টরা। ন্যু ক্যাম্পের দর্শকদের মনে তখন প্রত্যাবর্তনের গান।
কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয় মাত্র ৭ মিনিট। ৩১ মিনিটে অ্যাডেমোলা লুকমানের দুর্দান্ত গোলে ব্যবধান কমিয়ে আনেন সিমিওনের শিষ্যরা। আবারও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে লিড নেয় স্বাগতিক অ্যাটলেটিকো।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া বার্সা ৫৫ মিনিটে তোরেসের মাধ্যমে বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ওলমো ও লেভানডোভস্কিরা সহজ কিছু সুযোগ মিস না করলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের বার্সেলোনার ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। ২০১৪ ও ২০১৬ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও বার্সাকে কাঁদিয়ে ইউরোপ সেরার লড়াইয়ের শেষ চারে জায়গা করে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ।