শরীয়তপুরের আংগারিয়া খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল কালোবাজারে পাচারের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এবং রাতে দুই দফায় সাধারণ জনতা ট্রাকসহ অন্তত ৪০০ বস্তা চাল আটক করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ৫ ঘণ্টা পর্যন্ত কোনো কর্মকর্তার সাড়া না মেলা এবং মাঝরাতে পুলিশ হেফাজত থেকে চাল সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে, যখন আংগারিয়া খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে ৪০০ বস্তা সরকারি চাল কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। স্থানীয়রা ট্রাকটি থামিয়ে চালানের কাগজ দেখতে চাইলে চালক ও হেলপার সটকে পড়েন। পরবর্তীতে গুদাম কর্মকর্তারা চালগুলো ‘রুদ্রকর ইউনিয়নের ডিলার বোরহান উদ্দিনের’ বলে দাবি করলেও, সংশ্লিষ্ট ডিলার ঘটনাস্থলেই সাফ জানিয়ে দেন—এই চাল তার নয় এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
ডিলারের এই বক্তব্যে পুরো ঘটনাটি কালোবাজারে বিক্রির চেষ্টা হিসেবে স্পষ্ট হয়ে ওঠে। অথচ স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানো হলেও প্রায় ৫ ঘণ্টা কেউ ঘটনাস্থলে আসেননি। পরে সন্ধ্যায় পুলিশ চালগুলো থানায় নিয়ে গেলেও রাত ১০টার দিকে কৌশলে তা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় আবারও চৌরঙ্গী এলাকায় ট্রাকটি আটক করে জনতা।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বেপারী ও ইমরান আল নাজির অভিযোগ করেন, দিনের আলোয় আটক করা চাল রাতের আঁধারে প্রশাসনের ছত্রছায়ায় গোপনে গুদামে ফিরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ দানা বাঁধছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানিয়েছেন, চালগুলো জব্দ করে বর্তমানে গুদামে রাখা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।