ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮০ দিনের মহাপরিকল্পনা: ই-হেলথ কার্ড ও ৫ লাখ সরকারি চাকরির ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা আধুনিকায়ন করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রী তার লিখিত জবাবে সরকারের ‘১৮০ দিনের কর্মসূচি’র একগুচ্ছ পরিকল্পনা পেশ করেন। তিনি জানান, দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করা হবে। যার মধ্যে আগামী জুনের মধ্যেই ১ হাজার ২০৪ কিলোমিটার খনন সম্পন্ন হবে। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে রোপণের জন্য ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লব আনতে ২ হাজার ৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় আগামী ১৮০ দিনের মধ্যে বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ এবং শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া ফ্রিল্যান্সার ও প্রবাসীদের দীর্ঘদিনের দাবি মেটাতে দেশে ‘পেপাল’ (PayPal) চালুর লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভাষা শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।