ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে হামের ভয়াবহতা: রিপোর্ট আসার আগেই ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে ৬ দিন যমে-মানুষে লড়াই করার পর ১০ মাস বয়সী শিশু জাহিদের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মারা যাওয়া শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হামের লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। জেলায় এ পর্যন্ত মোট ১৬৭ জন এই রোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সদর হাসপাতালে ২০ জনসহ জেলায় মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, মৃত শিশুটির নমুনা সংগ্রহ করে নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু ল্যাবরেটরি থেকে পরীক্ষার ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়। বর্তমানে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে।

জেলায় হামের এমন বিস্তারে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।