ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে গৃহবধূ হত্যা: রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা সাইফুলের

কক্সবাজার সদরে মাথা ও কবজিবিহীন গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় গা শিউরে ওঠা তথ্য প্রকাশ করেছে পুলিশ। স্ত্রী শাহিদা আক্তার মুন্নীকে হত্যার আগে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেছিলেন ঘাতক স্বামী সাইফুল ইসলাম তারেক। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সদর থানার এসআই নুর মোহাম্মদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২৬ বছর বয়সী সাইফুল তারেককে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, গত ১১ এপ্রিল হত্যাকাণ্ডের কয়েকদিন আগে দাম্পত্য কলহের জেরে সে এই নৃশংস পথ বেছে নেয়। স্ত্রীর অমতে তৃতীয় বিয়ে করায় তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।

পরিকল্পনা অনুযায়ী, সাইফুল স্ত্রীকে রসমালাই খেতে দেয় যাতে আগে থেকেই ঘুমের ওষুধ মেশানো ছিল। স্ত্রী অচেতন হয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে এবং পরিচয় গোপন করার উদ্দেশ্যে মাথা ও দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে দেহটি কম্বলে মুড়িয়ে ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার একটি পরিত্যক্ত পুকুরপাড়ে ফেলে দেয় এবং বিচ্ছিন্ন অংশগুলো বাঁকখালী নদীর নতুন ব্রিজের নিচে ফেলে দেয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৬ ঘণ্টা বাঁকখালী নদীতে অভিযান চালিয়েও মরদেহের বিচ্ছিন্ন মাথা ও কবজি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ঘাতকের ভাড়া বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রসমালাইয়ের অবশিষ্টাংশ উদ্ধার করেছে। অভিযুক্ত সাইফুলকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।