ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে সাইদ উদ্দিন হানজালার দাবি: মহানবীকে (সা.) কটূক্তির সাজা হোক মৃত্যুদণ্ড

জাতীয় সংসদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বুধবার (১৫ এপ্রিল) রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।

এমপি হানজালা তার বক্তব্যে বলেন, “আমরা বারবার দেখছি একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে মহানবীর শানে কটূক্তি ও অশ্লীল গালিগালাজ করছে। এর প্রতিবাদ করতে গিয়ে রাজপথে সাধারণ মানুষের রক্ত ঝরছে। এই অস্থিরতা বন্ধের একমাত্র পথ হলো সংসদ থেকে নবীর অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করা।”

কটূক্তির সাজার পাশাপাশি তিনি খতমে নবুয়ত বা শেষ নবী হওয়ার বিষয়টিও আইনি কাঠামোর আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ওলামায়ে কেরামের দীর্ঘদিনের দাবি হলো যারা হজরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তারা কোনোভাবেই নিজেদের মুসলমান দাবি করতে পারে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি একটি ইতিহাস রচনা করে যান। যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না—জাতীয় সংসদ থেকে আইনের মাধ্যমে এই ঘোষণা আমরা চাই।”

উল্লেখ্য, বর্তমান সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ইস্যুতে ওলামায়ে কেরামের প্রতিনিধিদের জোরালো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।