যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলায় আড়াই ঘণ্টার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জনপদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শুরু হওয়া এই ঝড়ে বজ্রপাতে লুৎফর রহমান সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
মণিরামপুরের শাহাপুর গ্রামে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান লুৎফর রহমান। ঝড় ও বজ্রপাতে আহতদের মধ্যে ৯ জন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝড়ের দাপটে এই দুই উপজেলায় অন্তত ২০টি ঘরবাড়ি বিধ্বস্ত এবং অর্ধশতাধিক বড় গাছ উপড়ে পড়েছে। মণিরামপুরের মশ্বিমনগর ও রাজগঞ্জ এলাকায় ১৬টি বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার হাদিউজ্জামান জানিয়েছেন, তারের ওপর গাছ পড়ে অসংখ্য স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যা রাতের মধ্যে ঠিক করা প্রায় অসম্ভব।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ বিঘা জমির বোরো ধান হেলে পড়েছে এবং আম-কাঁঠালের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।