পঞ্চগড় সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে গতিরোধ করে কুপ্রস্তাব ও আপত্তিকর অঙ্গভঙ্গি দেখানোর দায়ে আবু হোসেন নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এই সাজা প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আবু হোসেন সদর উপজেলার ডুডুমারি এলাকার বাসিন্দা। অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী প্রাইভেট শেষে কলেজের পেছনের গলি দিয়ে ফিরছিলেন। এ সময় আবু হোসেন তার গতিরোধ করে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় এবং অশালীন আচরণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।
আদালতে সাজা পাওয়ার পর আবু হোসেন তার কাজকে সাধারণ ‘ঘুরতে যাওয়ার প্রস্তাব’ বলে দাবি করলেও বিচারক বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করেছেন। সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এই রায় ইভটিজারদের জন্য একটি উদাহরণ। জননিরাপত্তা ও নারী অধিকার রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।