ভালোবাসা যে কেবল কথার কথা নয়, বরং জীবন দিয়েও তা প্রমাণ করা যায়—তার অনন্য নজির গড়লেন শরীয়তপুরের জসিম উদ্দিন (৩৬)। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী মিনারা বেগমকে (৩২) বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি। বর্তমানে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে উঠছেন এই দম্পতি।
পারিবারিক সূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বসকাঠি গ্রামের বাসিন্দা জসিম ও মিনারার বিয়ে হয় ২০০৭ সালে। তাদের একমাত্র সন্তান তামিম এখন নবম শ্রেণির ছাত্র। প্রায় দুই বছর আগে মিনারার দুটি কিডনিই বিকল হয়ে যায়। প্রথমে মিনারার মা কিডনি দিতে চাইলেও শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এমন সংকটময় মুহূর্তে জসিম উদ্দিন নিজেই তার কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন।
গত ৫ মার্চ সফলভাবে এই কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। সুস্থ হয়ে মিনারা বেগম বলেন, “আমি অনেকবার নিষেধ করলেও সে শোনেনি। নিজের জীবন বাজি রেখে সে আমাকে নতুন জীবন দিয়েছে।” অন্যদিকে জসিম উদ্দিনের সহজ স্বীকারোক্তি, “বাঁচলে একসাথেই বাঁচব, এই জেদ থেকেই কিডনি দিয়েছি। তাকে সুস্থ দেখতে পারাই আমার জীবনের বড় পাওয়া।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন এই ঘটনাকে ‘ভালোবাসার বিরল দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। ত্যাগের এই গল্প এখন শরীয়তপুরজুড়ে মানুষের মুখে মুখে।