বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে এক বিশেষ সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন সরকারের নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিস্তারিত জানান। এই ঘোষণার অন্যতম আকর্ষণ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পদে বড় ধরনের নিয়োগের সিদ্ধান্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালু করা হচ্ছে, যেখানে এবারই প্রথম ক্রীড়া ও কোরআন তিলাওয়াত যুক্ত হবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। উপজেলা পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের পাশাপাশি মহানগরগুলোতে উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করার কাজও শুরু হয়েছে।
শিক্ষার্থীদের আধুনিকায়নে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ প্রদান এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম ও বিশেষ প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রাখার মতো ব্যতিক্রমী উদ্যোগের কথা উল্লেখ করেন ড. মাহদী আমীন।