আরব সাগরে চরম উত্তেজনা ছড়িয়ে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ লক্ষ্য করে গোলাবর্ষণ ও সেটি জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নৌ-অবরোধ অমান্য করায় দীর্ঘ ছয় ঘণ্টা ধরে সতর্ক করার পর রোববার (১৯ এপ্রিল) রাতে জাহাজটির ওপর সরাসরি গুলি চালানো হয়।
বর্তমানে জাহাজটি পূর্ণাঙ্গভাবে মার্কিন বাহিনীর হেফাজতে রয়েছে।
সেন্টকমের বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার থেকে ৫ ইঞ্চি এমকে ৪৫ গান ব্যবহার করে জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত করা হয়। এর ফলে জাহাজটি মাঝ সমুদ্রে অচল হয়ে পড়ে। ইঞ্জিন বিকল হওয়ার পরপরই মার্কিন মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। সেন্টকমের দাবি, জাহাজটির ভেতরে থাকা ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে এই অভিযান চালানো হয়েছে।
তবে এই ঘটনা নিয়ে ভিন্ন দাবি করেছে তেহরান। ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, জব্দ করার আগে তাদের সামরিক বাহিনী পাল্টা গুলি ছুড়ে মার্কিন নৌবাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল। যদিও শেষ পর্যন্ত জাহাজটি মার্কিন কব্জায় যাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছে ইরান।
এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় ভূ-রাজনৈতিক অস্থিরতা নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাহাজটিতে ঠিক কী ধরনের মালামাল ছিল বা এটি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।