মাদারীপুরের ডাসার উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে রাখা ৩৭ হাজার লিটার সয়াবিন তেলের এক বিশাল মজুত উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বালিগ্রাম ইউনিয়নের ধোঁয়াশার বাজারে ‘মেসার্স সরদার ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে এই ভোজ্যতেল জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব।
গোপন কক্ষ তৈরি করে বিপুল পরিমাণ এই তেল মজুত করেছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদার।
অভিযান পরিচালনাকারী দল জানায়, অধিক মুনাফার আশায় বাজারে সরবরাহ কমিয়ে এই গোডাউনে তেল লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের ড্রামগুলো জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের বাজার অস্থিতিশীল করার মতো কাজ করবেন না মর্মে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানিয়েছেন, জব্দকৃত তেল আজকের মধ্যেই খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় ভোজ্যতেলের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলাজুড়ে এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
মজুতকৃত এই তেল বাজারে আসায় স্থানীয় ডাসার ও কালকিনি এলাকায় ভোজ্যতেলের সরবরাহে স্বস্তি ফিরবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।