জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার এমন একটি ‘ভারসাম্যপূর্ণ অবস্থানে’ পৌঁছানোর চেষ্টা করছে যেখানে সব পক্ষের ক্ষতি সর্বনিম্ন রাখা যায়।
ভাড়া বৃদ্ধি নিয়ে মালিকদের সাথে যৌক্তিক আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে।
উপদেষ্টা বলেন, “সরকার শুধু সাধারণ ভোক্তার নয়, সরকার বাস-ট্রাক চালক ও ব্যবসায়ীদেরও। তাদের ব্যবসা অচল হয়ে পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে, এই সংকটে প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষতি হবে; এটি একটি বৈশ্বিক প্রবণতা।”
বর্তমানে জ্বালানি সরবরাহে ১০ থেকে ১৫ শতাংশ ঘাটতি রয়েছে বলে জানান ডা. জাহেদ। তবে এই সংকটের বড় কারণ হিসেবে তিনি ‘চাহিদা ভীতি’ বা ‘প্যানিক বায়িং’কে দায়ী করেছেন। স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে জ্বালানির চাহিদা তিন থেকে চার গুণ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরবরাহে বড় বিপর্যয় নেই, বরং প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের প্রবণতাই লাইন দীর্ঘ করছে।
নিম্নআয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “একটি ডিমের দাম এক-দুই টাকা বাড়লে অনেক বাবা-মাকে সিদ্ধান্ত নিতে হয় শিশুকে পুরো ডিম দেবেন নাকি অর্ধেক। এই অতি-অসহায় শ্রেণির জন্য সরকার প্রয়োজনে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরও বাড়াবে।”
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, গ্লোবাল ট্রেন্ডের কারণে সবাইকে কিছুটা কষ্ট সহ্য করতে হতে পারে, তবে সরকার নিম্নবিত্তের ওপর সেই চাপের ভার লাঘব করতে সচেষ্ট থাকবে।