সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের দাপ্তরিক পরিচয় নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। রিয়াদের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে দেশটিতে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে থাকা প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়াটি আরও গতিশীল করার তাগিদ দেন। জবাবে মন্ত্রী জানান, যথাযথ প্রমাণক ও নথিপত্র যাচাই সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা দেওয়া হচ্ছে।
পাসপোর্ট বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত যাদের কাছে বাংলাদেশি নথিপত্র রয়েছে, কেবল তাদেরই যাচাই-বাছাই শেষে পাসপোর্ট দেওয়া হচ্ছে। বাকিদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের দেওয়া তালিকা পুনরায় পর্যালোচনার নির্দেশনা দিয়েছেন তিনি।
পাসপোর্ট ইস্যুর পাশাপাশি দুই দেশের নিরাপত্তা, জ্বালানি খাত এবং পর্যটনে সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রদূতের আমন্ত্রণে আগামী জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফর করতে পারে বলেও জানা গেছে।