ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ফসলি জমিতে মাছের প্রকল্পের প্রতিবাদে ভেদরগঞ্জে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছওগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তিন ফসলি কৃষিজমিতে অবৈধ ও অপরিকল্পিত মাছের প্রকল্প গড়ে তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আরজিপাড়া ও পাপড়াইল এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন ফসলি জমিতে অবৈধভাবে মাছের প্রকল্প স্থাপন, মাটি কাটা এবং জমি দখলের কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমির প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তারা উল্লেখ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি অর্থের লোভ দেখিয়ে জমির মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে এসব অবৈধ প্রকল্প বাস্তবায়ন করছেন।

স্থানীয়দের দাবি, প্রথমে একজনের কাছ থেকে জমি লিজ নিয়ে পরে তার নাম ব্যবহার করে অন্যদের কাছ থেকেও কৌশলে জমি নেওয়া হচ্ছে। এতে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, যেকোনো মূল্যে তাদের কৃষিজমি রক্ষা করতে হবে। অবৈধভাবে তিন ফসলি জমিতে মাছের প্রকল্প বা মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তারা তাদের জমি রক্ষা করবেন বলে জানান।

কর্মসূচির শেষে দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।