কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মৎস্য আড়তদার। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
নিহতরা হলেন—ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার আব্দুল্লাহ মিয়া (৩৮) এবং পলতাকান্দা এলাকার মোমেন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি মোটরসাইকেলে করে তিন ব্যবসায়ী ভৈরব থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। সেতুতে ওঠার পর পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোমেন। মোটরসাইকেলে থাকা তৃতীয় আরোহী নিপুকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালানোর চেষ্টা করলে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় আরও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের ওপর উঠে গেলে স্থানীয়রা চালক পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালক হবিগঞ্জের বাসিন্দা।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শেষ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।