বাংলাদেশ পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল মন্তব্য করে অবশিষ্ট ক্ষুদ্র অংশের অনিয়ম ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, অল্প কিছু সদস্যের ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কর্মকাণ্ডের দায় পুরো বাহিনী নেবে না।
আইজিপির মতে, একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার পর পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ও জনআস্থা বহুগুণ বেড়েছে।
সিআইডিকে অপরাধ তদন্তের ‘এপেক্স বডি’ হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, মাদকের বিস্তার ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। তদন্তের গুণগত মান ও সময়মতো মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে সিআইডির তদন্ত নিয়ে জনগণের উচ্চ প্রত্যাশা পূরণে রেসপন্স টিমগুলোকে সর্বদা প্রস্তুত রাখার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, গত তিন মাসের অর্জন ও চ্যালেঞ্জ বিশ্লেষণ করে আগামী তিন মাসের জন্য একটি বাস্তবসম্মত ‘ফলোআপ’ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞানভিত্তিক তদন্ত ও ক্রাইম সিন ব্যবস্থাপনায় কুইক রেসপন্স টিম গঠনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গায় আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয় এই সভায়।