মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর হরমোজ প্রণালিতে আবারও সামরিক শক্তি প্রদর্শন করল ইরান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ভোরে ওই জলসীমা থেকে দুটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
Ceasefire বা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই তেহরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, মার্কিন নৌ-অবরোধের পাল্টা জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করেছে ইরানি বাহিনী।
ইরানের দাবি, আন্তর্জাতিক সমুদ্রসীমার নিয়ম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তায় হুমকি সৃষ্টির কারণে জাহাজ দুটিকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে জাহাজ দুটির মালিকানা বা সেখানে থাকা নাবিকদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি তেহরান।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌ-পথে ইরানের এমন অবস্থান বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটনের অবরোধ অব্যাহত থাকলে হরমোজ প্রণালিতে তেহরানের এই অনমনীয় মনোভাব আরও কঠোর হতে পারে।