প্রান্তিক জেলা সুনামগঞ্জে বিদ্যুতের জাতীয় গ্রিড থেকে সরবরাহ আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে জেলাজুড়ে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় দিনের অধিকাংশ সময় অন্ধকারে থাকতে হচ্ছে প্রায় সাড়ে চার লাখ গ্রাহককে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা যায়, সরবরাহ সংকটের কারণে ফিডারগুলো সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে। শহরে যেখানে প্রতিদিন ১৩ মেগাওয়াট প্রয়োজন, সেখানে মিলছে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। গ্রামাঞ্চলের অবস্থা আরও শোচনীয়; পল্লী বিদ্যুতের চাহিদার দুই-তৃতীয়াংশই ঘাটতি থাকছে।
বিদ্যুৎহীনতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো। জামালগঞ্জ ও দিরাই এলাকার ব্যবসায়ীরা জানান, দিনে ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ মিলছে না। এতে ফ্রিজে থাকা পচনশীল পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি সেচ ও বিপণন ব্যবস্থা ভেঙে পড়ছে। লোডশেডিংয়ের প্রভাবে জ্বালানি তেলের পাম্পগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পরিবহন চালকরাও।
সুনামগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানান, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সুনির্দিষ্ট বার্তা কেন্দ্র থেকে পাওয়া যায়নি। মূলত নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশনা অনুযায়ী লোড ব্যবস্থাপনার মাধ্যমে কোনোমতে সংযোগ সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
চরম গরমে দীর্ঘকালীন লোডশেডিংয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতভর বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে, যার প্রভাব পড়ছে দৈনন্দিন কর্মজীবনে। দ্রুত এই সংকটের সমাধান না হলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।