জাতীয় সংসদকে আগামীর বাংলাদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক রূপরেখা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রথম ১৮০ দিন থেকে শুরু করে আগামী ৫ বছরের একটি সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সংসদের প্রশ্নোত্তরে সরকারপ্রধান বলেন, নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা সামনে রেখে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই মহাপরিকল্পনায় কৃষি ঋণ মওকুফ, নদী খনন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে।
সংসদ নেতার বক্তব্যে উঠে আসে তৃণমূল পর্যায়ের মানুষের জন্য বিশেষ সুরক্ষার কথা। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য পৃথক কার্ড এবং ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা নিশ্চিত করছে সরকার। এছাড়া ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো ও ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ৫ লাখ নতুন সরকারি নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পোশাক বিতরণের কর্মসূচিও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী আরও জানান, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ।