বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি দাবি করেছেন, যুবদল রাজপথে সক্রিয় হলে জামায়াত-শিবিরের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়ন অভিযোগ করেন, জামায়াত-শিবির বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের সম্পদ দখল ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল বদ্ধপরিকর।
বক্তব্যে ১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে বর্তমানের তুলনা টেনে এই যুবদল নেতা বলেন, রাজাকারের উত্তরসূরিরা নতুন করে জুলুম-নির্যাতনের নীল নকশা তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রাজনৈতিক সুবিধা পেয়ে তারা ধরাকে সরা জ্ঞান করছে। এতদিন ছাত্রদল এসব মোকাবিলা করলেও যুবদল পূর্ণ শক্তিতে নামলে তাদের পালানোর পথ থাকবে না।
শালিখার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যখন লাগামহীন হয়ে পড়ে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জামায়াত-শিবিরকে একটি ‘জঙ্গি সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।