ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি সংলাপ: পৌঁছেছেন আরাঘচি, যাচ্ছেন কুশনার

মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার পথ সুগম করতে আজ শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার সকালে মার্কিন প্রতিনিধি দলের হয়ে সেখানে পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।

আঞ্চলিক তিনটি দেশ সফরের অংশ হিসেবে পাকিস্তান এলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তার ওমান ও রাশিয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে এই শান্তি আলোচনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ প্রতিনিধিরা সরাসরি অংশ নিচ্ছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সশরীরে উপস্থিত না থাকলেও ওয়াশিংটন থেকে পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা দলের সদস্যরাও এই মিশনের ওপর কড়া নজর রাখছেন। প্রয়োজনে মার্কিন প্রশাসনের আরও উচ্চপদস্থ কর্মকর্তারা পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানানো হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের এই বিরল মুখোমুখি বৈঠককে বিশ্ব রাজনীতির মোড় পরিবর্তনকারী হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।