শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২৬” অর্জন করেছেন।
গ্রামীণ জনপদ নরকলিকাতা গ্রামে দীর্ঘদিন ধরে তিনি নিরবে-নিভৃতে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও দক্ষ ব্যবস্থাপনার ফলে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজ একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে তিনি প্রতিষ্ঠানটিকে একটি আস্থার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তাঁর সফল নেতৃত্বে প্রতিষ্ঠানটি ২০২২ ও ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে “শিক্ষা ক্ষেত্রে অবদান” ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করে।
অধ্যক্ষের এই অর্জনে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিবারের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগাবে।