ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে নির্মূলের ঘোষণা ফখরুলের, পাল্টা হুঁশিয়ারি গোলাম পরওয়ারের

ভোটের মাঠের রাজনৈতিক মেরুকরণ এখন চরম উত্তেজনায় রূপ নিয়েছে। জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে ‘পুরোপুরি নির্মূল’ করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল স্পষ্ট জানান, আগামী দিনে জামায়াতকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দিতে কাজ করবে বিএনপি। এই মন্তব্যকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে পাল্টা প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, মির্জা ফখরুলের ভাষা ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদের’ প্রতিধ্বনি। তিনি এই বক্তব্যকে উস্কানিমূলক ও শিষ্টাচার বহির্ভূত হিসেবে বর্ণনা করেন।

মূলত জামায়াত আমিরের একটি বক্তব্যের সূত্র ধরে এই বিবাদের সূত্রপাত। আমির শফিকুর রহমান দাবি করেছিলেন, বিএনপি ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে।

ফখরুল এই অভিযোগ নাকচ করে বলেন, বিএনপি ১৮ বছরের লড়াই আর জনগণের বিপুল ভোটে ক্ষমতায় এসেছে। জামায়াতের এই অবস্থান দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, জামায়াত সেক্রেটারির দাবি, আওয়ামী লীগ সাড়ে ১৭ বছরে যা পারেনি, বিএনপিও তা পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তিনি।