সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত শুনানি শেষে এই জামিন আদেশ দেন।
২০১৫ সালের ২২ এপ্রিল রাজধানীর বাংলামোটর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়িবহরে অস্ত্রধারী একদল হামলা চালায়। অভিযোগ রয়েছে, আসামিরা বিএনপি চেয়ারপারসনকে হত্যার উদ্দেশ্যে ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে এবং ৪টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় খালেদা জিয়ার দেহরক্ষীরাও আহত হয়েছিলেন।
উল্লেখ্য, শিশির ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর ২০২৫ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ শুনানির পর তথ্য-উপাত্ত বিচার করে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে মামলার বিচারিক কার্যক্রম যথানিয়মে চলমান থাকবে।