দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার মধ্যে দেশের চারটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জরুরি আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই শক্তিশালী ঝড় অতিক্রম করতে পারে। ঝড়ের সাথে প্রবল বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে উল্লিখিত অঞ্চলের নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে বজ্রপাত থেকে বাঁচতে খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধ জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পূর্বাভাস অনুযায়ী, সকালের পর ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও দিনভর আকাশ মেঘলা ও অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।