রাজধানীর মিরপুরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পর্নোগ্রাফি কেনাবেচা ও বিতরণের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৬ এপ্রিল) রাতে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে পর্নোগ্রাফি সরবরাহে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।
ডিবি-মিরপুর বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসার পাম্প সংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়। রাত পৌনে ৯টার দিকে জাহিদকে পর্নোগ্রাফি বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করেন গোয়েন্দা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন।
টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে এই চক্রটি অর্থের বিনিময়ে নিষিদ্ধ কন্টেন্ট সরবরাহ করত।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাহিদ ও তার সহযোগীরা একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এই সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জাহিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।