সোহাগী জাহান তনু হত্যা মামলার দ্বিতীয় ময়নাতদন্ত কমিটির প্রধান ডা. কামদা প্রসাদ সাহা এক দশক পর পুনরায় আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ওঠা দেশত্যাগের গুঞ্জন ও পেশাগত অবহেলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এক দীর্ঘ ফেসবুক বার্তায় তিনি এই ব্যাখ্যা দেন।
ডা. কামদা প্রসাদ তার লেখায় উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে চলা অনলাইন প্রচারণা ও ‘চরিত্রহননের’ চেষ্টায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তার দাবি, ২০১৬ সালে তনুর মৃতদেহ উদ্ধারের ১০-১৫ দিন পর আদালতের নির্দেশে ডিকম্পোজড বা পচা অবস্থায় লাশটি পান তারা। বৈজ্ঞানিক সীমাবদ্ধতার কারণে তখন মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।
তবে সেই রিপোর্টে ডিএনএ পরীক্ষায় তিন পুরুষের শুক্রাণু পাওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ ছিল।
ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রিপোর্টে তিনজনের ডিএনএ পাওয়ার বিষয়টি সাধারণ মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করেছে, যার দায় এখন তাকে নিতে হচ্ছে। এছাড়া তার দেশত্যাগের খবরটিকে একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেন তিনি।
দীর্ঘ এক দশকেও সমাধান না হওয়া এই মামলার তদন্ত বর্তমানে পিবিআইয়ের হাতে রয়েছে।
ডা. কামদা প্রসাদ আরও জানান, তিনি কোনো অপরাধ করেননি এবং তদন্তকারী সংস্থাকে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। ডিজিটাল প্ল্যাটফর্মে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।